বঙ্গোপসাগরে দুদিনে আটক ৩৮ জেলে

বাংলাদেশ জলসীমায় বেড়েছে ভারতীয় জেলেদের উপদ্রব

মোংলার সুন্দরবন উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে। ভিনদেশি এসব জেলের অনুপ্রবেশের কারণে অনেকটা অসহায় হয়ে পড়েছেন এ দেশের জেলেরা।

স্থানীয় জেলেদের অভিযোগ, ভারতীয় জেলেদের উৎপাতে এ দেশীয় জেলেদের মাছ শিকার মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। মাত্র দুদিনের ব্যবধানে বঙ্গোপসাগরের দেশীয় জলসীমা থেকে তিনটি ট্রলারসহ ৩৮ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গত শুক্রবার বিকেলে ২৩ ভারতীয় জেলেকে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার আটক ১৫ ভারতীয় জেলেকেও জেলহাজতে পাঠানো হয়।

মোংলা পৌর শহরের প্রধান মাছ বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম, আল-আমিন ও মো. জসিম অভিযোগ করে বলেন, বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের উৎপাতে বর্তমান ইলিশ মৌসুমেও দেশীয় জেলেদের মাছ শিকার ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। তারা আরও বলেন, আগে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমা ঘেঁষে বা কিছুটা ভেতরে ঢুকে ইলিশ শিকার করত। আর বর্তমানে শুধু সাগর নয়, অবাধে উপকূলীয় এলাকার কাছাকাছি এসে মাছ শিকার করছে।