না বুঝেই হতাশা প্রকাশ পুরনো কু-অভ্যাস : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, চুক্তি না পড়ে, না বুঝেই যারা হতাশা প্রকাশ করে, সেটা তাদের পুরনো কু-অভ্যাসেরই ফল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত চুক্তি নিয়ে বিএনপি, বাসদ, তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মন্তব্য প্রসঙ্গে সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘সবকিছুতেই হতাশা ব্যক্ত করা, না পড়েই প্রতিক্রিয়া দেওয়া তাদের অভ্যাস, এমনকি নিজের ব্যাপারেও তারা আশাবাদী নয় বলেই মনে হয়। সে কারণেই তারা বোঝেনি যে এলপিজি মানে প্রাকৃতিক গ্যাস নয়; বরং ‘ক্রুড অয়েল’ বা অশোধিত পেট্রোলিয়াম পরিশোধন করার সময় প্রাপ্ত উপজাত, যা রপ্তানির সুযোগ দেশের জন্য অর্থনৈতিকভাবে অনেক লাভজনক।’

তিনি আরও বলেন, ‘বিদেশ থেকে আমরা যে ক্রুড অয়েল আমদানি করি তা রিফাইন বা পরিশোধন করার সময় তেলের পাশাপাশি প্রাপ্ত উপজাত হচ্ছে এই এলপিজি, যা রপ্তানির সুযোগ আমাদের অর্থনীতির জন্য সুসংবাদ।’

ফেনী নদীর পানি ভারতের ব্যবহার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা থেকে আসা ফেনী নদীর পানি ভারত আগে থেকেই ব্যবহার করে আসছিল, এবারের চুক্তিতে তাকে একটি কাঠামো-সীমার মধ্যে আনা হয়েছে। আর ১ দশমিক ৮২ কিউসেক হচ্ছে মাত্র ৫১ লিটার পানি।

প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) বা কার্যপ্রণালি স্বাক্ষর একটি অসামান্য অগ্রগতি। ভারতের চট্টগ্রাম ও মোংলা, বিশেষ করে চট্টগ্রাম বন্দর ব্যবহারের ফলে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা ও বন্দর ব্যবহারজনিত নানামুখী আয় বৃদ্ধি পাবে। ভারতের পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্যের জন্যই মূলত গড়ে তোলা চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতিতে আরও ভালো ভূমিকা রাখতে পারবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র নিহত হওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, অত্যন্ত দুঃখজনক এ ঘটনাটি তদন্তাধীন। তদন্তে যে বা যারাই দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আর কাউকে আটক করার অর্থ তাকে দোষী সাব্যস্ত করা নয়, তদন্তের পরই দোষী কে বা কারা বোঝা যাবে।

চলমান অভিযান নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, দুর্নীতি বা দুর্বৃত্তায়নের হোতা যে-ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।