প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

গত ২৪ সেপ্টেম্বর দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতায় ‘নগর ভবনের নিয়ন্ত্রক সবুজ বিপ্লব রতন’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের ব্যাখ্যা দিয়ে নোটিস পাঠিয়েছেন জসিম উদ্দিন সবুজ ও মো. আমিনুল হক বিপ্লব। সবুজের পক্ষে অ্যাডভোকেট হরষিত কুমার বেপারী স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, তার হাত ধরে ক্রয় ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণ ও ঠিকাদারি কাজের আড়ালে বেনামে কাজ নেওয়ার ও পছন্দমতো কর্মকর্তাদের দায়িত্বে বসিয়ে ইচ্ছামতো কাজ করার বিষয়টি সত্য নয়। ২০১৫ সাল থেকে তিনি নগর ভবনের নিয়ন্ত্রক এবং খেলার মাঠ, পার্ক, যাত্রী ছাউনিসহ ১৫০ কোটি টাকার কাজ করেন। এ তথ্যের সঙ্গে দ্বিমত করে তিনি জানান, তার প্রতিষ্ঠানের নামে ৩০ কোটি টাকার কাজ চলছে। নগর ভবনে সন্ধ্যা পর্যন্ত অফিস করার ও নিজেই ফাইল সই করিয়ে নেওয়ার অভিযোগও সত্য নয়।

একই আইনজীবীর বিপ্লবের পক্ষে পাঠানো নোটিসে বলা হয়েছে, ২০১৫ সালে নির্বাচনের পর থেকে অর্থছাড় ও বদলি তদবির করার মতো কোনো প্রমাণ নেই। ১ কোটি টাকার গাড়ি থাকার বিষয়টি ঠিক নয়। তিনি ব্যাংক ঋণের মাধ্যমে গাড়ি কিনেছেন। মহানগর ফিলিং স্টেশন জোর করে দখল এবং খেলার মাঠ, পার্ক উন্নয়নের কাজ করার বিষয়টিও সঠিক নয়।