হলি আর্টিজান মামলা

সাক্ষ্য দিলেন ২ ম্যাজিস্ট্রেট

গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা মামলায় তৎকালীন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব ও গোলাম নবীর সাক্ষ্য গ্রহণ করেছেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ১৩ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী রুহুল আহমেদ জানান, এ নিয়ে হলি আর্টিজান মামলায় ট্রাইব্যুনালে ১১০ জন সাক্ষ্য দিলেন।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করা হয়। ওই সময় গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৫ হামলাকারী নিহত হন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ। গত বছরের ২৬ নভেম্বর এ মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ূন কবির ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২৬ জুলাই আদালত মামলাটি ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। চলতি বছরের ৩০ জুলাই মামলাটির অভিযোগপত্র গ্রহণ ও আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। অভিযোগপত্রে ২১ আসামির মধ্যে ১৩ জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৮ আসামি বিভিন্ন অভিযানের সময় এবং ৫ আসামি ঘটনাস্থলে নিহত হয়।