কলেজছাত্র শিশুসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এরমধ্যে সিলেটের ওসমানীনগরে ট্রাকচাপায় কলেজছাত্র, বরগুনায় পৃথক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় দুই শিশু, চাঁদপুরে অটোরিকশা-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরেক শিশু, চট্টগ্রামের বাঁশখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন এবং ঝিনাইদহে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হন। গতকাল সোমবার ও আগের রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট : সোমবার বিকেলে ওসমানীনগর উপজেলার গয়নাঘাট এলাকায় ট্রাকচাপায় কলেজছাত্র জাহান মিয়া (২০) নিহত হয়েছেন। জাহান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার ছেলে। তিনি এ বছর ওসমানী নগরের তাজপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
তাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাজা মিয়া জানান, মোটরসাইকেল চালিয়ে তাজপুর যাওয়ার পথে ঢাকাগামী একটি ট্রাক জাহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ : সদর উপজেলার ছালাভরা এলাকায় ট্রাকচাপায় আমিরুল ইসলাম (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। আমিরুল যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ সদরের কাতলামারি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
বরগুনা : গতকাল সকাল ৭টার দিকে সদর উপজেলার বেলতলা নামক স্থানে ইজিবাইক চাপায় হামিম (৬) নামে এক শিশু নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা করতে করতে বাড়ির পাশের সড়কে চলে যায় হামিম। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামিম ওই এলাকার মো. হানিফের ছেলে। সে প্রথম শ্রেণিতে পড়ত।
এর আগে রবিবার রাত ৯টার দিকে একই উপজেলার মনসাতলী এলাকায় ইজিবাইক চাপায় মো. সাব্বির (১০) নামে আরেক শিশু নিহত হয়। বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদপুর : শহরের মিশন রোডে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানে মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার মা নাছিমা বেগম।
নাজমুল বরগুনার বেতাগী থানার আব্দুল কাদেরের ছেলে।
চট্টগ্রাম : গতকাল সকাল ৬টার দিকে বাঁশখালী উপজেলার পালেগ্রাম এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন যশোরের ঝিকরগাছার মাদাই মণ্ডলের ছেলে টমাস কার্তিক মণ্ডল (৪২) ও বাঁশখালীর পূর্ব পুইছড়ি এলাকার আবদুর রশিদের ছেলে জিয়াউল হক (৪৫)। দুর্ঘটনায় জিয়াউল হকের স্ত্রী, মেয়েসহ চারজন আহত হয়েছে। নিহত টমাস একজন এনজিওকর্মী ছিলেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।