সাড়ে ৩ বছর পর অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলে স্মিথ

ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে সবচেয়ে বড় চমক স্টিভেন স্মিথ। প্রায় সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে ডাক পেলেন তিনি।

এছাড়া দলে ফিরেছেন ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মার্ক স্টয়নিস।

২০১৬ সালে ভারতে মোহালিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান স্মিথ। অ্যাশেজের অতি মানবীয় ব্যাটিংয়ের পর টি-টোয়েন্টি দলেও ডাক মিলল তার। অভিজ্ঞ ওপেনিং ব্যাটসম্যান ওয়ার্নার। ২০১৮ সালে শেষ টি-টোয়েন্টি খেলেন ওয়ার্নার।

তাছাড়া অ্যাশেজে খেলা প্যাট কামিন্স, অভিজ্ঞ মিচেল স্টার্কের জায়গা হলেও দলে জায়গা হয়নি স্টয়নিস, ক্রিস লিনদের মত টি-টোয়েন্টি স্পেশালিষ্টদের।

অ্যারন ফিঞ্চের নেতৃত্বে ২৭শে অক্টোবর অ্যাডিল্যাড ওভালে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩০শে অক্টোবর ও ১ নভেম্বর।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের রেশ কাটতে না কাটতে একদিন বিরতি দিয়ে আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্মিথ–ফিঞ্চরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ৩ নভেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৫ নভেম্বর ও ৮ নভেম্বর।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন এগার, প্যাট কামিন্স, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, অ্যাস্টন টার্নার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু ট্রাই ও অ্যাডাম জাম্পা