২১ বছর আগে একদিন বৃষ্টি নেমেছিল শহরে

জামালপুর শহরে সেদিন সারা দিন বৃষ্টি ছিল। আর বিটিভিতে দেখানো হচ্ছিল নায়ক জসিমকে। হ্যাঁ, সদ্য প্রয়াত নায়ক জসিম। ভক্তরা টিভি সেটের সামনে কেউ কেউ কেঁদেছিল। প্রিয় নায়কের অকস্মাৎ মৃত্যু। খলনায়ক থেকে নায়ক হয়ে যাওয়া জসিম মিশে ছিলেন সংগ্রামী মানুষের ঘামে আর রক্তে। জসিমের পর মেহনতি মানুষের নায়ক হতে পেরেছিলেন মান্না।

মূলত জসিমের মৃত্যুই মান্নার উত্থানে বিরাট ভূমিকা পালন করেছে। তো নব্বই দশকের মেহনতি মানুষের নায়ক জসিমের পরলোক গমনের ২১ বর্ষা পেরিয়ে গেল।

উইকিপিডিয়া বলছে, নায়ক জসিম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আবদুল খায়ের জসিম উদ্দিন।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। ১৯৭২ সালে চলচ্চিত্রে পা রাখেন জসিম। ‘দেবর’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। পরে দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ১৯৮২ সালে ‘সবুজ’ সাথী চলচ্চিত্রে প্রথমবার নায়ক হিসেবে হাজির হন। এরপর অসংখ্য সিনেমায় জসিমের দুর্দান্ত অভিনয় সব শ্রেণি পেশার মানুষের মন জয় করতে সক্ষম হন।