সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দীঘিসগুনা বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ১০জনকে তাড়াশ, বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল সকালে দীঘিসগুনা গ্রামের বাসিন্দা ও মাগুড়াবিনোদ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য সেন্টু হোসেনের সঙ্গে একই গ্রামের জিয়া উদ্দিনের দীঘিসগুনা বাজারের একটি চায়ের দোকানের বেঞ্চে বসা নিয়ে বাগ্বিত-া ও হাতাহাতির জের ধরে বিকেলে রড, হাঁসুয়া, রামদা ও লাঠিসোঁটা নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের জাহাঙ্গীর হোসেন (৩৫), আলাউদ্দিন (৪৫), আজাহার আলী (৫৫), আবু জাফর (৫০) মহির উদ্দিন (৫৫), আফাজ উদ্দিন (৬৫), আশরাফুল ইসলাম (৩০), সেন্টু হোসেন (৩৪), জুবায়ের হোসেন (২৮) সহ ১৫ জন আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।