ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি পাইপগান, তিন রাউন্ড রাবার বুলেটসহ মো. কাজল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার ভাদুঘর ঋষিপাড়ায় অভিযান চালিয়ে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। গতকাল দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কাজল ২৫ বছর ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে র্যাব সদস্যরা ভাদুঘর ঋষিপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে কাজল। পরে তাকে আটক করে সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি করে ছয়টি পাইপগান এবং তিন রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাবের ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন।