শঙ্খ, ঢাক-ঢোল ও উলুধ্বনিতে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে ‘জয় দুর্গা মায়ের জয়’, ‘দুর্গা মাই কি, জয়; মহামায়া কি, জয়’ একের পর এক এমন সব জয়ধ্বনি ও ঢাক-ঢোল বাজিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
দুপুরের পর থেকেই নগরের বিভিন্ন স্থান থেকে ট্রাক, পিকআপ, ঠেলাগাড়ি ও রিকশাভ্যানে করে আসা প্রতিমাগুলো বাদ্যবাদন বাজিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে জড়ো করা হয়। এছাড়া নগরের ফিরিঙ্গিবাজারের অভয়মিত্র ঘাট, কাট্টলী সৈকতসহ কালুরঘাটের কর্ণফুলী নদীতেও প্রতিমা বিসর্জন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার দেশ রূপান্তরকে বলেন, ‘চট্টগ্রাম নগরে এবার ২৭০টি মণ্ডপে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। এরমধ্যে পতেঙ্গায় প্রায় দেড়শ প্রতিমা বিসর্জন করা হয়েছে। বাকিগুলো নগরের বিভিন্ন স্থানে বিসর্জন করা হয়েছে।’
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়–য়া জানান, প্রতিমা বিসর্জনকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।