ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ জেলা ওলামা লীগের সভাপতি মাও. মনিরুজ্জামান খান (৪৭) ও তার সহযোগী মো. মাসুদ উল্লাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত সদর পৌরশহরের ভাদুঘর এলাকার একটি ট্রাভেল এজেন্সিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক মনিরুজ্জামান ভাদুঘর এলাকার শফিকুল ইসলামের ছেলে ও মাসুদ একই এলাকার মো. সানাউল্লার ছেলে। তিনি নিজেকে একজন পীর দাবি করে এবং জেলা ওলামা লীগের সভাপতির পরিচয় দিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাদঘুর এলাকার গ্লোবাল ভিশন ট্রাভেল এজেন্সির অফিসে এনএসআই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে।
তিনি জানান, অভিযানে দুইটি কিরিচ, একটি রামদা, দুই পিস ইয়াবা ট্যাবলেট, এক শ গ্রাম গাঁজা ও এক বোতল মদ এবং মাদক সেবনের সরঞ্জামসহ মনির ও তার সহযোগী মাসুদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন আটক দুজনকে তিন মাস করে কারাদণ্ড দেন।