সিরিয়ায় ঢুকছে তুর্কি সেনাবাহিনী

সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্ত এলাকা থেকে কুর্দি ওয়াইপিজি গেরিলাদের সরিয়ে দিতে দেশটির ভেতর প্রবেশ করতে শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। গতকাল বুধবার ভোরের দিকে সেনাবাহিনীর কয়েকটি দল সিরিয়ায় প্রবেশ করেছে বলে জানিয়েছে বিবিসি।

সেনাদলগুলো তাল আবায়েদ ও রাস আল-আইন শহরের দুটি পয়েন্ট দিয়ে সিরিয়ায় প্রবেশ করে। গত রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সৈন্যকে সরিয়ে নেওয়ার প্রতি শ্রুতি  দেওয়ার পরপরই আঙ্কারা ওই এলাকায় অভিযানের কথা ঘোষণা করেছিল।

সীমান্তে একটি ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠা করে সিরীয় শরণার্থীদের দেশে ফেরার পথ করে দিতে এ অভিযান হবে বলেও জানিয়েছিল তারা।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারই এরদোয়ানকে কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের পথ করে দেয় বলে অভিমত পর্যবেক্ষকদের।