প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানকারী এক প্রতারককে গাজীপুরের শিমুলতলী থেকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার মৌবাগ থেকে তাকে আটক করা হয়। আটক ইল্লাম শাহরিয়ার (৩৭) ঢাকার ক্যান্টনমেন্ট বারিধারা ডিওএইচএস এলাকার মো. সাদিক হাসানের ছেলে।
গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস তাকে বাংলাদেশ দণ্ড বিধি ১৮৬ ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। পরে তাকে গাজীপুর কারাগারে পাঠানো হয়। র্যাব জানায়, আটককৃত ইল্লাম শাহরিয়ার পেশায় একজন আইটি বিশেষজ্ঞ। ওই পেশার আড়ালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর পরিচয় দিতেন। তার ব্যবহৃত গাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন স্টিকার, মনোগ্রাম, ওয়াকি-টকি সেটসহ এসএসএফের ব্যবহৃত পোশাক ও ক্যাপ ব্যবহার করছিলেন। আটক শাহরিয়ার জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন যাবৎ নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকতা-কর্মচারীদেরসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষের নিকট থেকে চাকরি, পদোন্নতি, বদলি, বিদেশে প্রেরণের কথা বলে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।