জায়েদ খান মিথ্যাচার করছেন, বললেন তারকারা
‘নরসিংদীর ড্রিম হলিডে পার্কে একটা অনুষ্ঠান করেছিলাম। ওই টাকায় আর্থিক অসচ্ছল শিল্পীদের জন্য ৮ লাখ টাকার ফান্ড করেছিলাম কল্যাণ ফান্ডে রাখার জন্য। সেখানে যেতে বিনা পারিশ্রমিকে কেউ কাজ করতে রাজি হয়নি। ৪ লাখ টাকা নিয়েছে কমিটির সদস্য ফেরদৌস, পপি, সহসভাপতি রিয়াজ। তারা প্রত্যেকেই কল্যাণ ফান্ড গঠনের আয়োজন থেকেও ৫০ হাজার করে টাকা নিয়েছেন’ আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে কথাগুলো বলেন সাধারণ সম্পাদক জায়েদ খান। তার এ অভিযোগের প্রতিবাদ করেন রিয়াজ, ফেরদৌস ও পপি। রিয়াজ বলেন, ‘আমি খুবই অবাক হচ্ছি এরকম মিথ্যাচার শুনে। আমি, ফেরদৌস বা পপি কেউ কি ৫০ হাজার টাকা পারিশ্রমিকের শিল্পী? এমন সস্তা হলে তো দিনে চারটা করে শো করতে পারতাম। সবাইকে নিজেদের মাপের মনে করে ওরা?’ ফেরদৌস বলেন, ‘ওরা কী বোঝাতে চায়? আমি একটা প্রোগামে গেলে কত টাকা সম্মানী নিই সেটা যারা আমাকে নেন তারা সবাই জানেন। তারা কি প্রমাণ দিতে পারবে আমি এই টাকা সম্মানী নিয়েছি?’ পপি বলেন, ‘জায়েদ যে টাকার কথা বলেছে সেটা কাকে দিয়েছে? কার নামে দিয়েছে? রসিদটা কোথায়? শুধু এই একটা শোর কথা কেন বলা হচ্ছে? আমি তো সমিতির জন্য অনেক অনুষ্ঠানে পারফর্ম করেছি। রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, সাইমন, অপুসহ আরও অনেকেই এসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কখনো পুলিশের অনুষ্ঠান, কখনো র্যাবের, অনেক রকম অনুষ্ঠান। এক টাকাও পারিশ্রমিক নিইনি আমি। ভাবতাম সমিতির জন্যই কাজ করছি। সমস্যা নেই। জায়েদ বলত অমুকের অনুষ্ঠান, তমুকের অনুষ্ঠান টাকা নেওয়া যাবে না। সমিতির ফান্ডের জন্য কিছু ডোনেশন আসবে।’