আবরার হত্যা: দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চায় সুপ্রিম কোর্ট বার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সেক্রেটারি মাহবুব উদ্দিন খোকন।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আলাদা সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, আমি মনে করি দুষ্কৃতকারীদের কোনো দল ও পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় তারা দুষ্কৃতকারী। যারা আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তারা মেধাবী ছাত্র হলেও মানুষ নয়, কারণ কোনো মানুষ এমন নির্মমভাবে কাউকে পিটিয়ে হত্যা করতে পারে না।

আবরার হত্যাকাণ্ডের বিচার নিয়ে যেন কোনো রাজনীতি না হয় সে আহ্বান জানিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সব ধরনের অপরাধ-নির্যাতনের বিরোধী। আমরা বুয়েট ছাত্র আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা জানাই।

এ ঘটনায় যারা দায়ী তাদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি করছি। সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন ও কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামীম সরদার উপস্থিত ছিলেন।

এদিকে অপর এক সংবাদ সম্মেলনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের কাছে জিম্মি হয়ে আছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক (বিএনপি সমর্থিত) ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।