রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংস্থা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমায় আবদুল কাদির চৌধুরীকে (৪৮) আটক করা হয়েছে। গত বুধবার রাতে র্যাব-৯-এর এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আবদুল কাদির চৌধুরী দক্ষিণ সুরমার তুরুকখলা গ্রামের মৃত বশির উদ্দিন চৌধুরীর ছেলে। তাকে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানায় হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মোগলাবাজার থানার ওসি আকতার হোসেন জানান, আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. মনিরুজ্জামান জানান, আটক আবদুল কাদির গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট দিয়ে অপপ্রচার ও ধর্মীয় উসকানিমূলক কথাবার্তা ছড়াচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপপ্রচার চালানোর বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।