সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে তিন প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বৃহস্পতিবার এসইসির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে মো. ফকরুল ইসলাম সিকিউরিটিজ (ডিএসই ট্রেক নং-৯০), ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি (ডিএসই ট্রেক নং-২০৭) ও ইসি সিকিউরিটিজ।
মো. ফকরুল ইসলাম সিকিউরিটিজের বিরুদ্ধে এস কে মো. তারেক আমানের অভিযোগের ভিত্তিতে কমিশন ২০১৮ সালের ২৪ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত প্রতিবেদনে নিম্নলিখিত সিকিউরিটিজ আইন ভঙ্গের বিষয়টি উল্লেখ করেছে।
ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বছর শেষ হওয়ার ৪ মাসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কমিশনে জমা না দেওয়ায় আইন লঙ্ঘন হয়েছে।
ইসি সিকিউরিটিজ কমিশনের পূর্বানুমতি ছাড়া সিইও, ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ/পুনর্নিয়োগ দিয়ে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ভঙ্গ করেছে। তিন প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণকালে আলোচ্য সিকিউরিটিজ আইন পরিপালন করায় ইতিমধ্যে লঙ্ঘন দূর হয়েছে। তবে ভবিষ্যতে একইভাবে আইন লঙ্ঘন থেকে বিরত থাকার ব্যাপারে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।