বাংলাদেশের বিপক্ষে আরও এক ডিফেন্ডারকে পাচ্ছে না ভারত

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে আরও একটি দুঃসংবাদ শুনল ভারত ফুটবল দল। রাইটব্যাক রাহুল ভেকের পর এবার চোটের জন্য ছিটকে গেলে সেন্টারব্যাক সন্দেশ ঝিঙ্গান।

পশ্চিম বাংলার কলকাতায় আগামী মঙ্গলবার সল্ট লেক স্টেডিয়ামে বাছাইয়ের ‘ই’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে আতিথ্য দেবে ভারত। ম্যাচটিতে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় রাহুল ও সন্দেশকে ছাড়াই একাদশ সাজাতে হবে কোচ ইগর স্টিম্যাচকে।

ভারতীয় ফুটবল দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার সন্দেশ ঝিঙ্গানের চোটের খবরটি জানানো হয়েছে। গত বুধবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোহাটিতে প্রীতি ম্যাচ খেলতে গিয়েই গোড়ালিতে চোট পান সন্দেশ। আর এই চোটেই তাকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দিল।

রাহুলের পর সন্দেশের ছিটকে যাওয়া নিঃসন্দেহে চাপে ফেলবে ভারতীয় কোচকে। দলের অন্যতম সেরা সেন্টার-ব্যাক সন্দেশ গত মাসে কাতারের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দিয়েছিলেন। গোলশূন্য ড্র করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।

বাছাই পর্বের প্রথম ম্যাচেই ওমানের কাছে ২-১ গোলে হেরেছিল ভারত। এরপর টিম ইন্ডিয়া কাতারের সঙ্গে দুর্দান্ত পারফর্ম করে। কলকাতাতেও বাংলাদেশের বিপক্ষে সুনীল ছেত্রীরা জ্বলে উঠবে বলে আশাবাদী ভারতীয় সমর্থকরা।