কুষ্টিয়ার কুমারখালীর ভালুকা পূর্বশা গ্রামে এক দম্পতির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তারা আত্মহত্যা করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন বিপুল কুমার রায় (২৯) ও তার স্ত্রী সোহাগী রানী (২৫)।
বিপুল কুমার রায় ঝিনাইদহের শৈলকূপার বাসিন্দা; তার স্ত্রী সোহাগী রানী ভালুকা পূর্বশা গ্রামের ভরত মন্ডলের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিপুল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তারা ঘুমাতে যান। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে স্বামীকে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত এবং স্ত্রীকে বিছানার ওপর পরে থাকা অবস্থায় উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে আরও কিছু আছে কি-না তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।