হটলাইন ১০৬-এ ফোন পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের ঝিকরগাছা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে অফিস সহকারী রবিউল ইসলামকে ঘুষের ১লাখ ৩৩ হাজার ২৭ টাকাসহ আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রায় আড়াই ঘণ্টা এ অভিযান চালায় দুদক।
ওই দিন রাত ৯টায় যশোরে দুদকের উপপরিচালক মো. নাজমুছ ছাদায়াত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, হটলাইন ১০৬ ফোনের মাধ্যমে ঢাকা অফিসের নির্দেশে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালানো হয়।। অভিযানে অফিস সহকারী রবিউল ইসলামের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিধিবহির্ভূত (ঘুষের) ১ লাখ ৩৩ হাজার ২৭ টাকা এবং অফিসের টাকা ৪১ হাজার ৯ শ’ ৭৩।
তিনি জানান, দুদকের অভিযান টের পেরে পালিয়ে যান ওই অফিসের ঘুষের টাকার ক্যাশিয়ার হিসেবে পরিচিত মহুরি জহুরুল ইসলাম।
উপপরিচালক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল তাদের জানিয়েছেন যে, ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসের ঘুষের টাকা ভাগাভাগি করে তার ও জহুরুলের কাছে জমা থাকে। প্রতি সপ্তাহে তাদের কাছে ঘুষের টাকা জমা হয় ৭ লাখ। এ টাকা ক্ষমতাসীন কতিপয় মাস্তান, উঠতি নেতাসহ বিভিন্নজনকে ভাগ দেয়া হয়। টাকার ভাগ নেয়া কয়েকজনের নাম রবিউল জানালেও দুদক কর্মকর্তারা তদন্তের স্বার্থে তা বলতে রাজি হননি।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, দুদকের সহকারী পরিচালক শহিদুল ইসলাম মোড়ল ও দুদকের পরিদর্শক আক্তারুজ্জামান, এসআই সাহিদুজ্জামান প্রমুখ।
স্থানীয় একাধিক সূত্র জানায়, অফিস সহকারী রবিউল ইসলাম স্থানীয় একটি প্রভাবশালী মহলের যোগসাজশে দীর্ঘদিন ধরে দলিল প্রতি জমি বিক্রেতাদের কাছ থেকে প্রতি এক লাখ টাকায় ৩ হাজার টাকা কমিশন হিসেবে নিয়ে আসছিলেন। করণিকের চাকরি করে তিনি যশোর শহরের শংকরপুরে তিনতলা আলিশান বাড়ি করেছেন।