গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব শুরু

রাজধানীর ছয়টি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে দশ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালায় এ উৎসব উদ্বোধন করেন আসাদুজ্জামান নূর এবং ভারতের মেঘনাদ ভট্টাচার্য। উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এদিন মঞ্চস্থ হয় ‘হাছনজানের রাজা’, ‘পঞ্চনারী আখ্যান’, ‘উজানে মৃত্যু’ ও ‘কঞ্জুস’। আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের ‘গোলাপজান’, দেশ নাটকের ‘সুরগাঁও’। অষ্টমবারের মতো অনুষ্ঠিত এবারের আয়োজনে ভারতের ৪টি নাট্যদল, ঢাকা ও ঢাকার বাইরের ৩৬টি নাট্যদলসহ আবৃত্তি, সংগীত, নৃত্য, পথনাটকের মোট ১২১টি সংগঠন অংশ নিচ্ছে। মঞ্চস্থ হবে নাটক, পথনাটক, আবৃত্তি, সংগীত, নৃত্য ও মূকাভিনয়। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। সেগুনবাগিচার জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তন, নন্দন মঞ্চ ও বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উৎসবের পরিবেশনা করতে পারবেন দর্শক।

গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুছ বলেন, গঙ্গা-যমুনা উৎসবটি এখন দেশের সর্ববৃহৎ একটি সাংস্কৃতিক উৎসব। আগামী কয়েক দিনে প্রতিদিন কয়েক হাজার শিল্পী, সাংস্কৃতিক কর্মী এখানে সমবেত হবেন নানা পরিবেশনা নিয়ে।