৬ অক্টোবর ‘শহীদ আবরার দিবস’ পালনের আহ্বান মওদুদের

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকা-ের দিনটি ৬ অক্টোবরকে ‘শহীদ আবরার দিবস’ হিসেবে পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক চুক্তির প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি ও উপকূলে সার্বক্ষণিক নজরদারির বিষয়ে চুক্তি ‘আমাদের সার্বভৌমত্ব বিক্রির’ শামিল। ফেনী নদীর পানি দেওয়া নিয়ে যে চুক্তি হলো, তারপরই হলো ‘আবরারের শহীদানের’ ঘটনা। চুক্তি নিয়ে সমালোচনামূলক বক্তব্য রাখায় আবরারের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতেই তাকে হত্যা করা হয়। তাই এ দিনটিকে ‘শহীদ আবরার দিবস হিসেবে’ পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তিনি অভিযোগ করে বলেন, সরকার এক দেশে দুই নীতিতে দেশ পরিচালনা করছে। একদিকে কারাবন্দি বিএনপি চেয়ারপাসরন খালেদা জিয়া সঠিক চিকিৎসা পাচ্ছেন না, অন্যদিকে যুবলীগের সম্রাট কারাগারে যাওয়ার দুদিন পরই তাকে ভিআইপি মর্যাদায় চিকিৎসা দেওয়া হচ্ছে। মওদুদ বলেন, আজকে কী বলে শুরু করব ভাষা নেই।