কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল শুক্রবার সাক্ষাৎ করেছেন তার স্বজনরা। সাক্ষাৎ শেষে বেরিয়ে তার মেজো বোন সেলিমা ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসা দরকার। জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশে যাবেন তিনি।
বিকেল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান তার স্বজনরা। এক ঘণ্টা পর তারা বেরিয়ে আসেন। এ সময় সাংবাদিকরা তাদের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। জবাবে সেলিমা ইসলাম আরও বলেন, আমরা দেখে এলাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। তার জরুরিভাবে উন্নত চিকিৎসা দরকার। ‘খালেদা জিয়া সুস্থ আছেন’Ñ চিকিৎসকদের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, ‘সব মিথ্যা কথা। আমরা তো এখনই দেখা করে এলাম, তিনি কী অবস্থায় আছেন।’