যশোরের ঝিকরগাছা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়ে অফিস সহকারী রবিউল ইসলামকে ঘুষের ১ লাখ ৩৩ হাজার টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হটলাইন ১০৬-তে ফোনের তথ্যের ভিত্তিতে ঢাকা দুদক কার্যালয়ের নির্দেশে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান চালায় দুদক। এরপর গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রবিউলকে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে জানান যশোরে দুদকের উপপরিচালক মো. নাজমুছ্ছাদায়াত। অভিযানের পর বৃহস্পতিবার রাত ৯টায় নাজমুছ্ছাদায়াত সংবাদ সম্মেলনে বলেন, অভিযানে অফিস সহকারী রবিউল ইসলামের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিধিবহির্ভূত (ঘুষের) ১ লাখ ৩৩ হাজার ২৭ টাকা ও অফিসের ৪১ হাজার ৯৭৩ টাকা। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যান ওই অফিসের ‘ঘুষের টাকার ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মহুরি জহুরুল ইসলাম।
দুদকের উপপরিচালক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল তাদের জানিয়েছেন, ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসের ঘুষের টাকা ভাগাভাগি করে তার ও জহুরুলের কাছে জমা থাকে। প্রতি সপ্তাহে তাদের কাছে ঘুষের টাকা জমা হয় ৭ লাখ টাকার মতো। এই টাকা ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ বিভিন্নজনকে ভাগ দেওয়া হয়। টাকার ভাগ নেওয়া কয়েকজনের নাম রবিউল জানালেও দুদক কর্মকর্তারা তদন্তের স্বার্থে তা বলতে রাজি হননি। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, দুদকের সহকারী পরিচালক শহিদুল ইসলাম মোড়ল ও দুদকের পরিদর্শক আক্তারুজ্জামান, এসআই সাহিদুজ্জামান প্রমুখ।