মাদারীপুরের কালকিনিতে পাঁচ লাখ টাকা না দিলে প্রেমিক বিয়ে করবেন না জানানোর পর মোসা. নাসিমা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ করেছে তার পরিবার।
গত শুক্রবার রাত ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয় নাসিমা। পরে শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
নাসিমা আক্তার উপজেলার বালীগ্রাম এলাকার সেকেন্দার আলী খানের মেয়ে ও শনমান্দী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমার সঙ্গে একই এলাকার আচমত আলী খানের ছেলে কাতার প্রবাসী মো. সাখাওয়াত হোসেনের দীর্ঘদিনের প্রেম ছিল। সম্প্রতি প্রেমের বিষয় এলাকায় জানাজানি হলে সাখাওয়াত সম্পর্ক অস্বীকার করেন। এক পর্যায়ে দুই পরিবার তাদের বিয়ে দিতে রাজি হয়। কিন্তু সাখাওয়াত বেঁকে বসেন এবং বিয়ে করার শর্ত হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন।
নিহতের মা সেলিনা বেগম বলেন, ‘সাখাওয়াতের সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা চলছিল। এরই মধ্যে মোবাইল করে সে আমার মেয়ের কাছে পাঁচ লাখ টাকা না দিলে বিয়ে করবে না বলে জানায়। অপমান সইতে না পেরে নাসিমা সবার অগোচরে গলায় ফাঁস দেয়।’
তবে অভিযুক্ত সাখাওয়াত হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডাসার থানার ওসি (তদন্ত) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।