ছিনতাইকারী চক্রের ১৪ জন গ্রেপ্তার, মোবাইল সেট উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত শুক্রবার রাতে হীরাঝিল ও বিহারি কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় চক্রের মূল হোতা সাজ্জাদ হোসেনের দোকান থেকে ৩৫০টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ৯০০টি সাধারণ মোবাইল সেট ও ২২ হাজার ৬০০ টাকা উদ্ধার করে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলো মো. সাজ্জাদ হোসেন (২৪), মো. শাহজালাল হাওলাদার (৩২), মো. হৃদয় (২১), আবদুল সাত্তার (৪৫), মো. মিলন হোসেন (৩৫), আবুল হোসেন (২৫), মো. মোস্তফা (৩১), আলী আজগর (২১), মো. রমজান সরদার (৩১), মো. নাসির উদ্দিন (৪৩), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. মাহিম মিয়া (২৮), মো. হায়দার আলী (৪৫) ও মো. শাহজাহান (১৮)।

গতকাল শনিবার দুপুরে র‌্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী। বহুদিন ধরে তারা আদমজী ইপিজেড, চিটাগাং রোড ও আশপাশের এলাকায় কখনো পোশাককর্মী, কখনো সাধারণ যাত্রীর ছদ্মবেশে কৌশলে লোকজনের কাছ থেকে মোবাইল সেট, মানিব্যাগ, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ছিনতাই ও চুরি করত। ছিনতাই মালামাল দলনেতা সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে যেত। সাজ্জাদ হীরাঝিল এলাকায় বিভিন্ন দোকানে গোপনে এসব মালামাল মজুদ রেখে কৌশলে বিক্রি করত।