দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শিলিগুড়ি নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি জিকে সিং।
গতকাল শনিবার বিকেল ৫টায় তিনি হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাব পিলার সংলগ্ন চেকপোস্টে আসেন।
এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিছুল হক জিকে সিংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেন। এ সময় বিএসএফের পক্ষেও বিজিবিকে ফুল ও মিষ্টি উপহার দেওয়া হয়।
এ সময় ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টিপিএস সিং, জি ব্যানেট, ওসিন কুমার সিংহ, পতিরাম-১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগি প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সীমান্তের শূন্যরেখার পাশে বিএসএফ পোস্টে দুই বাহিনীর কর্মকর্তারা বৈঠক করেন। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিছুল হক জানান, জিকে সিং গত শুক্রবার এ পদে যোগ দিয়েছেন। এরপর আজ (গতকাল) তিনি সীমান্ত পরিদর্শন করলেন। বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।