ইলিশ ধরায় ৪ জেলে আটক

কিশোরগঞ্জের ভৈরবে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চার জেলেকে আটকের পর তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার সকালে উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর, টুকচাঁনপুর এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা। দণ্ড পাওয়া জেলেরা হলেন বাদল মিয়া (৩০), মাসুদ মিয়া (৩৮), মাহতাব (২৫) ও আরশ মিয়া (১৯) । এ সময় নদীতে থাকা ১ লাখ মিটার কারেন্ট জাল, তিন কেজি ইলিশসহ ৩৫ কেজি মাছ জব্দ করা হয়। পরে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এতিমখানায় দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বলেন, ‘অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে, তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।’ এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান বলেন, ‘উপজেলায় কার্ডধারী জেলে ৩ হাজার ৩৫ জন। এদের মধ্যে ইলিশ শিকারে নিবন্ধিত ৬৯৯ জেলেকে নিষিদ্ধ সময়ের জন্য ২০ কেজি করে চাল দেওয়া হবে।’