নারী দল পাকিস্তানে যাচ্ছে, সংশয়ে পুরুষদের সফর

আগামী ২৩ অক্টোবর বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল ২টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে। কিন্তু ২০২০ সালে জানুয়ারি-ফেব্রুয়ারিতে নির্ধারিত পাকিস্তান সফরে কি বাংলাদেশ পুরুষ জাতীয় দল যাবে? এখনো ধোঁয়াশার মাঝে তা।

বাংলাদেশ পুরুষ দল শেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ সালে, এশিয়া কাপে অংশ নিতে। এরপর নির্ধারিত সফরে না যাওয়ায় পাকিস্তান বোর্ডকে ক্ষতিপূরণও দিয়েছে। সেখানে ২০১৫ সালে একবার বাংলাদেশ নারী দল ঘুরে আসার পর এবার আবার যাচ্ছে সফরে। এক দেশের দুটি জাতীয় দলের জন্য দুই রকমের ভাবনায় প্রশ্ন উঠছে।

গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আরও একবার বললেন, ‘আমাদের একদল প্রতিনিধি হয়তো কিছুদিনের মধ্যে যাবে। সরকারি সংস্থা থেকে যাবে। তাদের প্রতিবেদনের পর আমরা কাজটা করব।’

স্পর্শকাতর বিষয়টা আসলে বিসিবির পাশপাশি সরকারি সিদ্ধান্তের ওপরও নির্ভর করে। নারী দলের বিষয়ে আকরাম বললেন, ‘অবশ্যই সরকারের সাড়া আছে।’ যদিও নারী দলের তিন ভারতীয় কোচিং স্টাফ পাকিস্তানে যাবেন না।

নারী দল যদি যেতে পারে তাহলে বাংলাদেশের পুরুষ দলকে সফরে বাধ্য করার জন্য জোর তো করতে পারে পাকিস্তান। এটা কি সুযোগ করে দেওয়ার মতো ব্যাপার না? আর দুই দলের জন্য ভিন্ন রকমের নীতির কথাও এখানে আসছে। তবে আকরামের ব্যাখ্যা, ‘মেয়েদের ক্রিকেটের উন্নতির ব্যাপারও আছে। জাতীয় দলের বিষয়টাও আলাদা। সেখানে সবার দৃষ্টি থাকে। একটা কথা বারবার বলছি যে, জাতীয় দলের যাওয়ার ক্ষেত্রে সরকারের অনুমতিও লাগবে। সেটার জন্যই আমরা অপেক্ষা করছি। যদি সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত আসে, তাহলেই আমরা এগোবো।’ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে উইন্ডিজ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা ছাড়া টেস্ট খেলুড়ে দলগুলো পাকিস্তান সফরে যায়নি। সম্প্রতি ১০ বছরের মধ্যে প্রথমবার দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলতে শ্রীলঙ্কা করাচি ও লাহোরে ৬টি সীমিত ওভারের ম্যাচ খেলে।