নরওয়ে-স্পেনের ড্রয়ের ম্যাচে রামোসের রেকর্ড

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়ে জয়ের পথেই ছুটছিল স্পেন। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে দলটির ছুটে চলা পথে বাধা হয়ে দাঁড়ায় নরওয়ে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি বাছাইয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের শতভাগ জয়ের ধারায় ছেদ ঘটায় দলটি।

অসলোয় শনিবার রাতে ১-১ গোলে ড্র হয় ‘এফ’ গ্রুপের ম্যাচটি। দ্বিতীয়ার্ধের শুরুতে স্পেনকে এগিয়ে নেন সাউল নিগেস। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি কিকে নরওয়েকে সমতায় ফেরান জশুয়া কিং।

সব মিলিয়ে ইউরো বাছাইয়ে স্পেনের টানা ১৪ ম্যাচে জয়ের ছন্দে ছেদ ঘটল। ম্যাচটিতে জিতলেই ইউরো ২০২০ আসরের মূল পর্ব নিশ্চিত হয়ে যেত প্রতিযোগিতাটির দুইবারের চ্যাম্পিয়নদের। মূল পর্বে যেতে হলে আগামী মঙ্গলবার সুইডেনের সঙ্গে ম্যাচে ড্র করলেই চলবে তাদের।

এই লড়াইয়ে মাঠে নামার মধ্য দিয়ে অসাধারণ একটি রেকর্ড গড়লেন সের্জিও রামোস। ইকের ক্যাসিয়াসকে ছাড়িয়ে স্পেনের হয়ে সবচেয়ে বেশি ১৬৮টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এই সেন্টার-ব্যাক।

ম্যাচের শুরুতে বল দখলে আধিপত্য দেখালেও প্রথমার্ধে স্পেনকে গোলশূন্য রাখে স্বাগতিক নরওয়ে। তবে দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে খুব একটা সময় লাগেনি অতিথিদের। ৪৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দলকে এগিয়ে নেন নিগেস।

গোল খেয়ে আক্রমণে গতি বাড়ায় নরওয়ে। ব্যবধান বাড়াতে মুখিয়ে থাকে স্পেনও। ৬৭তম মিনিটে দলটির মিডফিল্ডার ফাবিয়ান রুইসের একটি শট ক্রসবারে না লাগলে আরও এগিয়ে যেদে পারতো অতিথি দল।

হাল ছাড়েনি নরওয়ে। শেষ সময়ে আক্রমণের সুফল পায় দলটি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি কিকে দলকে সমতায় ফেরান ফরোয়ার্ড জশুয়া কিং। ডি-বক্সে নরওয়ের রাইট-ব্যাক ওমর এলাবদেলাউইকে স্পেনের গোলকিপার কেপা আরিসাবালাগা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

‘এফ’ গ্রুপে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ছয় জয় ও এক ড্রসহ ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন স্পেন। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে সুইডেন।