ফাইনালের রিহার্সালে ভারতের সঙ্গে ড্র কিশোরীদের

দুই দলেরই ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। ১৫ অক্টোবর সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের কিশোরীরা। তবে তার আগে লিগ পর্বে নিজেরে শেষ ম্যাচে মুখোমুখি হলো দুই দল। এক অর্থে ফাইনালের রিহার্সাল ম্যাচ বলা যেতে পারে তাকে। সেই ম্যাচটা প্রথমে পিছিয়ে গিয়েও ড্র করেছে বাংলাদেশ।

রবিবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত অনূর্ধ্ব-১৫ নারী দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই চার দলের আসরে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও ভারত।

ভারত এই প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০১৮ সালে বাংলাদেশকে হারিয়েই শিরোপা জিতে তারা। আর বাংলাদেশে ২০১৭ সালে মেয়েদের বয়সভিত্তিক এই ফুটবল আসরের প্রথম এডিশনেই চ্যাম্পিয়ন হয়। এবার বাংলাদেশের সামনে তাই শিরোপা পুনরুদ্ধারের মিশন।

ভারতের বিপক্ষে এদিন ম্যাচের ২৫ মিনিটে পিছিয়ে পড়ে গোলাম রব্বানী ছোটনের দল। অমিশা বক্সলার করা গোলে এগিয়ে যায় ভারত। যে গোলের জন্য নিজেদের রক্ষণকেই দায় দিয়ে পারে বাংলাদেশ।

তবে ম্যাচে ফিরতে এক মিনিটের বেশি সময় নেয়নি লাল-সবুজের মেয়েরা। দেখার মতো এক গোল করে স্বপ্না রানি সমতা এনে দেন দলকে। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধেও কোনো দল আর গোলের দেখা পায়নি। সুযোগ অবশ্য বাংলাদেশের চেয়ে ভারতের মেয়েরাই বেশি তৈরি করেছে।

লিগভিত্তিক এই আসরে বাংলাদেশ নিজেরে প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারায় ৪-১ গোলে। আর স্বাগতিক ভুটনাকে তারা গোলের মালা উপহার দেয়। হারায় ১০-১ গোলের বিশাল ব্যবধানে।