পাবনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন– বেড়ার হাতিগাড়া গ্রামের ওয়াজেদ আলী (৩০), শম্ভুপুরের আবুল কালাম আজাদ (৩১), আব্দুল্লাহ (৩০), ছোটপায়না গ্রামের মিজানুর রহমান (২৩) ও সাঁথিয়ার রাঙামাটিয়া গ্রামের মো. রুহুল আমিন (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় র্যাব-১৪-এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়।
বেড়া থানার ওসি শাহীদ মাহমুদ খান দেশ রূপান্তরকে জানান, নাশকতা সৃষ্টিসহ নানা জঙ্গি কর্মকাণ্ড করতে সদস্য সংগ্রহ ও নিজেরা সংগঠিত হচ্ছিল তারা। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। র্যাব এই মামলা তদন্ত করবে।