সাভারের ধামরাইয়ে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী ৪ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ ওই ভুক্তভোগী শিশুদের স্বজনের দায়ের করা মামলায় অভিযুক্ত আফছার উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে।
এ ছাড়া ভুক্তভোগী শিশুদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
রবিবার সন্ধ্যায় ধামরাই পৌর এলাকার আমবাগান মহল্লা থেকে অভিযুক্ত আফছার উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে দুপুরে ওই শিশুদের স্বজনেরা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে পৌর এলাকার আমবাগান মহল্লার আফছার উদ্দিন চকলেট খাওয়ানোর কথা বলে ওই ৪ শিশুকে কৌশলে নিজ বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুরা চিৎকার ও কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসায় আফসার উদ্দিন কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করে আফছার উদ্দিনকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। পরে সন্ধ্যায় পৌর এলাকার আমবাগান মহল্লায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক আফছার উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী চার শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষক আফছার উদ্দিনকে রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।