সাভারের আশুলিয়ায় একই বাড়ির দুই ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। গতকাল রবিবার ভোরে টঙ্গাবাড়ী এলাকার সোলেমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাসায় থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয় ডাকাতরা।
এলাকাবাসী জানায়, ভোররাতে ৮-১০ ডাকাত দরজা ভেঙে ঘরে ঢোকে। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। এ সময় ঘরে থাকা ২ লাখ ২৭ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ও একটি ট্যাবসহ মূল্যবান মালামাল লুট করে। এরপর পাশের একটি ফ্ল্যাট থেকে একই কায়দায় ৯০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রুপার গহনা ও নয়টি মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয়।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ রিজাউল হক দিপু দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। ডাকাতির খবর পেয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।