সম্রাটদের প্রতিহতে প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য: সুজন সম্পাদক

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সারা দেশে শুধু আওয়ামী লীগে নয়, সব দলেই ছোট-বড় অনেক সম্রাট তৈরি হয়েছে। তাদের প্রতিহত করতে প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য।

সোমবার সুজন ফেনী জেলা কমিটি আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

সুজন সম্পাদক আরও বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন জনগণের সম্মতির আলোকে হয়নি। আর সে কারণেই বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। সম্রাটদের সরকার নয়, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

ছাত্ররাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, ছাত্রদের রাজনীতি করা সাংবিধানিক অধিকার। এ অধিকার খর্ব করা উচিত নয়। তবে লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন।

গোলটেবিলে দেশে রাজনৈতিক সংস্কারের জন্য ২০টি প্রস্তাব উত্থাপন করে সুজন। জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডভোকেট লক্ষ্মণ চন্দ্র বণিক। বৈঠকে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।