নিজেদের মাটিতে গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে চমক দেখিয়েছিল রাশিয়া। ইউরোপিয়ান ফুটবলে নিজেদের সামর্থ্যরে প্রমাণ আরও একবার দিল তারা। রবিবার সাইপ্রাসকে ৫-০ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে ইউরোর মূলপর্ব নিশ্চিত করে তারা। চতুর্থ দল হিসেবে উঠেছে পোল্যান্ড। রাশিয়া-পোল্যান্ড ছাড়াও রবিবার জয় পেয়েছে জার্মানি, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড। বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করেছে ওয়েলস।
মূলপর্ব নিশ্চিত করতে সাইপ্রাসের মাঠে ড্রই যথেষ্ট ছিল রাশানদের। জোড়া গোল করে ডেনিশ চেরিশেভ তা সহজ করে দেন। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় রাশিয়া। ৯ মিনিটে চেরিশেভ তার প্রথম গোল করেন। ২২ মিনিটে তার পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ম্যাগোমেদ ওজদেভ। ২৭ মিনিটে লাইফিস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সাইপ্রাসকে। ম্যাচের ৭৯ ও ৮৯ মিনিটে গোল করেন আরতেম জুবা এবং আলেকজান্দ্রর গলভিন। আর ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোল করেন ভ্যালেন্সিয়ার উইঙ্গার চেরিশেভ। এই গ্রুপে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়েছে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করা বেলজিয়াম। এছাড়া বড় জয় পেয়েছে স্কটল্যান্ড। নিজেদের মাঠে তারা ৬-০ গোলে হারিয়েছে সান ম্যারিনোকে।
‘জে’ গ্রুপের ম্যাচে পোল্যান্ড ২-০ গোলে হারিয়েছে মেসিডোনিয়াকে। জয়ের ফলে ৮ ম্যাচে ১৯ পয়েন্টে শীর্ষে পোলিশরা। ২ ম্যাচ হাতে রেখেই মূলপর্বের টিকিট নিশ্চিত হলো তাদের।
‘সি’ গ্রুপের ম্যাচে এস্তোনিয়াকে তাদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে জার্মানি। জার্মানির হয়ে জোড়া গোল করেন ইকায় গুনডোগান। এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে জার্মানি। ম্যাচের ১৪ মিনিটে এমরি কান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫১ ও ৫৭ মিনিটে গোল করেন গুনডোগান। ৭১ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন টিমো ওয়ের্নার। ম্যাচ শেষে জোয়াকিম লো বলেন, দ্বিতীয়ার্ধে আমরা খেলার গতি বাড়িয়েছি। এতে ম্যাচের দৃশ্যপট পাল্টেছে। আমি খুশি কাজটা করতে (জয়) পেরে। খেলাটা কঠিন ছিল, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো করেছি।’ আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলকিপার হিসেবে টের স্টেগানকে খেলিয়েছিলেন লো। তবে এ ম্যাচে নামিয়েছিলেন ম্যানুয়েল ন্যুয়ারকেই। অধিনায়কত্বও করেন তিনি। বলেছেন, ১৫ মিনিটের মধ্যে আমরা ১০ জনের দলে পরিণত হই, যা আমাদের জন্য সবকিছু আরও কঠিন করে তোলে।’
গ্রুপের অপর ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে হারিয়েছে বেলারুশকে। নেদারল্যান্ডসের হয়ে জোড়া গোল করেন জর্জিনিও উইজনালডাম। ৩২ ও ৪১ মিনিটে তার গোলে এগিয়ে যায় অতিথিরা। বেলারুশের হয়ে ৫৩ মিনিটে একটি গোল শোধ দেন স্টানিসøাও দ্রাহুন। এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্টে গ্রুপ শীর্ষে ডাচরা। জার্মানির সঙ্গে পয়েন্ট সমান হলেও হেড টু হেডে এগিয়ে নেদারল্যান্ডস।
‘ই’ গ্রুপে নিজেদের মাঠে ওয়েলস ১-১ গোলে ড্র করেছে ক্রোয়েশিয়ার সঙ্গে। এই ড্রয়ে ইউরোর মূলপর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল ওয়েলস। ৯ মিনিটে নিকোলা ভলাসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তবে প্রথমার্ধের ইনজুরি সময়েই সমতা ফেরান অধিনায়ক গ্যারেথ বেল। ৭ ম্যাচে ১৪ পয়েন্টে গ্রুপ শীর্ষে লুকা মডরিচের দল। ওয়েলস এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে আছে চারে। গ্রুপের অপর ম্যাচে হাঙ্গেরি ১-০ গোলে হারিয়েছে আজারবাইজানকে। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে তারা। ১০ পয়েন্টে সেøাভাকিয়া আছে তিনে। ওয়েলস ম্যানেজার রায়ান গিগস বলেন, ‘আমি সন্তুষ্ট। দলগতভাবে এক হয়ে খেলেছি, যা দলের জন্য ভালো। আমাদের পরবর্তী ম্যাচ দুটো জিততে হবে এবং অন্যদের দিকেও নজর রাখতে হবে। তবে এখনো আমরা আছি (প্রতিযোগিতায়)।’