প্রথমার্ধের চার গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল! তাতে ইউরো বাছাইয়ে বুলগেরিয়াকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে ইংল্যান্ড।
সোফিয়ায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচটিতে ৬-০ গোলের জয় পায় ইংল্যান্ড। জোড়া গোল করেন আক্রমণভাগের দুই খেলোয়াড় রস বার্কলে ও রাহি স্টার্লিং। অপর দুটি গোল মার্কাস র্যাশফোর্ড ও হ্যারি কেইন। আগের ম্যাচে চেক রিপাবলিকের মাঠে খেলতে গিয়ে ২-০ গোলের হার নিয়ে ফিরেছিল গ্যারেথ সাউথগ্যাটের দল।
ইংল্যান্ড খেলোয়াড়দের উদ্দেশে বুলগেরিয়া সমর্থকদের বর্ণবাদী আচরণে রং হারায় ম্যাচটি। এর কারণে দুই দুইবার খেলা বন্ধ করে দেন রেফারি।
খেলা শুরুর সপ্তম মিনিটেই দলকে এগিয়ে নেন র্যাশফোর্ড। বার্কলের পাস থেকে গোল করেন এই ফরোয়ার্ড। কুড়িতম মিনিটে নিজে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বার্কলে। প্রথমার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ইংল্যান্ডকে চতুর্থ গোল এনে দেন রাহিম স্টার্লিং। অধিনায়ক কেইনের পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন এই উইঙ্গার। বিরতির পর নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন তিনি। ৮৫ তম মিনিটে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকেন কেইন।
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেক রিপাবলিক।