রাজধানীতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

রাজধানীর উত্তরখান তালতলায় ছুরিকাঘাতে মো. রিয়াদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ'তে তার মৃত্যু হয়।

এই ঘটনায় আহত হয়েছে রিয়াদের বড় দুই ভাই মো. শামীম হোসেন (২৫) ও মো. রিজন হোসেন (১৭)।

খালাতো ভাই মো. রহমত উল্লাহ জানান, রিয়াদ উত্তরখানের আনোয়ারা মডেল টার্স্ট স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তার মেজো ভাই রিজন হোসেন চালাবন এলাকার মাইলস্টোন কলেজের ২য় বর্ষের ছাত্র। আর শামীম তার বাবা মো. রাজা মিয়ার সঙ্গে ব্যবসা করেন।

তিনি জানান, শামীমের চাচাতো ভাই স্বপন। স্বপনের কিছু বন্ধুর সাথে দ্বন্দ্ব চলছিল। সেই বন্ধুদের সাথেই এখন শামীম চলাফেলা করেন। এ জন্য সোমবার রাতে স্বপন ও শামীমের মধ্যে তর্কাতর্কি হয়।

এক পর্যায়ে স্বপন শামীমকে ছুরিকাঘাত করে। পরে রিয়াদ ও রিজনকেও ছুরিকাঘাত করে। এ সময় স্বপন নিজেও ছুরিকাঘাতে আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে রিয়াদের অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রিয়াদকে আইসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি ২ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া রিয়াদের বাবা রাজা মিয়া তার চাচা জজ মিয়ার কাছে ১০ লাখ টাকা পান। এই টাকা নিয়েও তাদের দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, চাচাতো ভাই স্বপনসহ আরও অনেকে পারিবারিক দ্বন্দ্বের জেরে চাচাতো ৩ ভাইকে ছুরিকাঘাত করেছে। চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা গেছে। এই ঘটনায় ঘাতক স্বপনও আহত হয়েছে।