রাজধানীর সদরঘাটে ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুইগ্রুপের বিরোধের জেরে ককটেল বিস্ফোরণের দুইজন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় কোতোয়ালি থানাধীন সদরঘাটের বাকল্যান্ড বাঁধ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ডাস্টবিনের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে। এসময় একই স্থান থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর জের ধরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ওই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হলে পাশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি নিয়ে যান। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কটি নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেয়। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থলে পড়ে থাকা অবিস্ফোরিত ককটেলটি ঘিরে সতর্কতা অবলম্বন করা হয়। তবে সংঘর্ষের বিস্তারিত এবং বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ডিএমপির কোতয়ালি জোনের এডিসি নাজিমুদ্দিন আল আজাদ বলেন, ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। কিভাবে কি হলো এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ বিশ্লেষণ করে খতিয়ে দেখা হচ্ছে।