জয়পুরহাটে ওয়েল্ডিং ওয়ার্কশপে তেলের ফাঁকা ড্রামের মুখের ঢাকনা কাটার সময় ভেতরের গ্যাস বিস্ফোরণে জহুরুল (২৭) নামে এক ওয়েল্ডিং শ্রমিক নিহত ও ওয়ার্কশপের মালিক সাদ্দাম গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কুটিবাড়ি ব্রিজ এলাকায় ওয়ার্কশপের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল ঐ এলাকার উত্তর জয়পুর গ্রামের মৃত শুভ মন্ডলের ছেলে এবং আহত সাদ্দাম হোসেন (৩৬) দোগাছী পাঁতুরিয়া গ্রামের সামাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী উত্তম কুমার, সোহেল রানা ও কাওসার হোসেন বলেন, ‘মঙ্গলবার দুপুর ১টার দিকে কাস্টমারের দেওয়া লোহার তেলের ড্রাম চাল রাখার জন্য মুখ কাটছিলেন জুহুরুল ও সাদ্দাম। এ সময় ড্রামটির ভেতরের গ্যাসের বিস্ফোরণে বিকট শব্দে ড্রামের মুখের ঢাকনাটি জহুরুলের কপালে লেগে মাথার কিছু অংশ উড়ে যায় এবং সাদ্দামের ডান হাতে ও মাথায় মারাত্মকভাবে আঘাত পান। ঘটনাস্থলেই জহুরুলের মৃত্যু হয় এবং দোকানের মালিক সাদ্দাম গুরুতর আহত হন।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রায়হান হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহত জহুরুলকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্য মামলা করা হয়েছে এবং আহত সাদ্দামকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।