চোরের কোপে আহত মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চোরের দায়ের কোপে আহত মাদ্রাসাশিক্ষক ফাতেমা বেগম (৪০) মারা গেছেন। গত সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ফাতেমা বেগম সদর উপজেলার বিনোদপুর খালাসিকান্দি গ্রামের মালয়েশিয়াপ্রবাসী নাসির মাতবরের স্ত্রী। তিনি স্থানীয় বগাদী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ফাতেমা ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে ঘরের আলমারিতে রাখেন। শনিবার রাত ২টার দিকে এক ব্যক্তি ঘরের বেড়া ভেঙে ঢুকে আলমারি থেকে টাকা নিয়ে পালানোর সময় ঘুম ভেঙে যায় ফাতেমার। তিনি চোরকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। এ সময় চোর দা দিয়ে ফাতেমাকে কুপিয়ে আহত করে। তখন তার ছেলে জুবায়েত মাতবর (১৫) ও তুহিন মাতবর (১৩) এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গত সোমবার ফাতেমার মুত্যৃ হয়। পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন জানান, এ একটি ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।