ইনজুরি বেশ ভালোভাবেই পেয়ে বসেছে নেইমারকে। এই সেরে উঠেছেন তো, গুটি কয়েক ম্যাচ খেলার পরই ইনজুরি পথ আগলে ধরছে তার। নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া চোটে এবার ৪ সপ্তাহের জন্য ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা।
গত রবিবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের শুরুতেই চোটে পড়েছিলেন নেইমার। হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় তাকে ম্যাচের ১২ মিনিটেই তুলে নিতে বাধ্য হন কোচ তিতে।
এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার। তার এই ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেল আসলে পিএসজি। লিগ ম্যাচ তো আছেই, দুটি চ্যাম্পিয়নস লিগের ম্যাচও আছে। ২২ অক্টোবর ও ৬ নভেম্বর ক্লাব ব্রুজের বিপক্ষে লড়াই ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। কিন্তু সেই দুটি ম্যাচ খেলা হবে না ব্রাজিলিয়ান তারকার।