চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজার হরিসভা এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বাঁধের প্রায় ৪০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধের আরও অনেক এলাকায় ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে নদীতীরের পরিবারগুলো। তবে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
ভাঙনের খবর পেয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ জানান, ভাঙনে বাঁধ লাগোয়া কয়েকটি বসতঘর বিলীন হয়ে গেছে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভাঙন এলাকায় ছয় শতাধিক বালিভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলা হয়েছে। ভাঙন ঠেকাতে মজুদ করা আরও তিন হাজার বস্তা বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে।
তিনি বলেন, ভাঙনের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ভাঙনে বসতঘরহারা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।