কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মদিন আজ

আজ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬৩তম জন্মদিন। ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। সত্তর দশকের অন্যতম এই কবি পাঠকদের কাছে ‘তারুণ্য ও দ্রোহের প্রতীক’ হিসেবে পরিচিত।

১৯৯২ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন ক্ষণজন্মা এই কবি। জীবনের ক্ষুদ্র পরিসরে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য ও অর্ধশতাধিক গান লিখেছেন।

জন্মবার্ষিকী উপলক্ষে রুদ্র স্মৃতি সংসদ আজ সকালে কবির গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলার মিঠাখালীতে শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান করবে। বিকেলে মিঠাখালী ফুটবল মাঠে প্রীতি ফুটবল এবং সন্ধ্যায় রুদ্র স্মৃতি সংসদ কার্যালয়ে স্মরণসভা হবে।

এ ছাড়া মোংলা সরকারি কলেজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা শাখা সকালে কলেজ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে।