দারিদ্র্য হ্রাসে এডিবির সহায়তা চান মান্নান

দারিদ্র্য বিমোচন ও সার্বিক উন্নয়নে সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহায়তা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এডিবি প্রতিনিধিদল সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান। জবাবে এডিবির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের উন্নয়নে এডিবি পাশে থাকবে।  

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের এক কর্মকর্তা বলেন, ‘এডিবির ছয়জন সদস্য বাংলাদেশে সফরে এসেছেন। তারা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিদের সঙ্গে দেখা করছেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ বিষয়ে আলাপ আলোচনা করেন।

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাতে এডিবির পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন কোরিয়া, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, তাইপে ও চীনে নিযুক্ত এডিবির নির্বাহী পরিচালক ইন চেং সং; কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেনে নিযুক্ত এডিবির নির্বাহী পরিচালক ক্রিস পা-ে; বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ডে নিযুক্ত এডিবির অল্টারনেট এক্সিকিউটিভ ডিরেক্টর এনরিক গেলন; অস্ট্রেলিয়া, জার্মানি, লুক্সেমবার্গ, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত এডিবির অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টর বুরাক মুইজিনগলু; আফগাস্তিান, বাংলাদেশ, ভুটান, ভারত, লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানে নিযুক্ত এডিবির অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টর বায়রা মুহাম্মদ গেরাজেভ; জাপানে নিযুক্ত অল্টারনেটিভ ডিরেক্টর কেনজো ওহি।