ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ১

নেত্রকোনার পূর্বধলায় দ্রুতগামী পিকআপভ্যান দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে চান মিয়া (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চান মিয়া জেলার কলমাকান্দা উপজেলার গৌরীপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। ঘটনার পর থেকে পিকআপের চালক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের জালশুকা নামক এলাকার পেট্রোলপাম্পের কাছে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

ভোর ৬টার দিকে ময়মনসিংহগামী বেপরোয়া গতির মাহিন্দ্র পিকআপ ট্রাকটির পেছনে ধাক্কা দিলে পিকআপের আরোহী চাঁন মিয়া নিহত হন।

পূর্বধলার শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাজমুল ইসলাম সড়ক দুর্ঘটনায় চান মিয়া নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।