বাংলাদেশের বিপক্ষে ড্র করে দুঃখ প্রকাশ ছেত্রির

বাংলাদেশ সবচেয়ে গুরুত্ব দিচ্ছিল সুনিল ছেত্রিকেই। ভারতও তাকিয়ে ছিল নিজ দেশের সর্বোচ্চ গোলদাতার দিকে। কিন্তু সল্ট লেক স্টেডিয়ামে ভারতীয়দের বিস্ময় উপহার দিয়েছে জামাল ভূঁইয়ারা। ১-১ গোলে ড্র করেছে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচটি।

ভারতের জন্য যে ফলটা হতাশার। নিজেদের মাঠে পয়েন্ট খোয়ানোর জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সুনিল ছেত্রি।

সল্ট লেকে ভারতের নিয়মিত অধিনায়ক না থাকায় সুনিলের কাঁধে ছিল অধিনায়কত্বে ভার। তাকে কড়া মার্কিং করে খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। সফলও হয়েছে জেমি ডের দল।

একটুর জন্য হারের বেদনায় পুড়তে হয়নি ভারতকে। ৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশের। ৮৯ মিনিটে গোল করে ভারতের মান বাঁচিয়েছেন আদিল খান।

কিন্তু এই ফলে কি আর মন ভরে ভারতের? সুনিল তাই বুধবার টুইট বার্তায় বললেন, ‘গত রাতে সল্ট লেক স্টেডিয়ামে ওরকম একটা পরিবেশ পেয়েও আমরা পারফর্ম করতে পারিনি। ড্রেসিংরুমেও সবাই খুব হতাশ ছিল। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। এটা একটা প্রক্রিয়ার মতো। আপনারা পাশে ছিলেন, আমরা চেষ্টা করে যাব।’