ভোলায় চাল না পেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের বিক্ষোভ

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে জেলে পুনর্বাসনের চাল না পাওয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় জেলেরা। আজ বুধবার সকালে ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের মেঘনা নদীর তীরে এই বিক্ষোভ ও মানববন্ধন করে বিক্ষুব্ধ জেলেরা।

মৎস বিভাগ জানায়, মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। পূর্ব ইলিশায় নিবন্ধিত ৩ হাজার ৫শ জেলে থাকলেও চলতি বরাদ্দে ২ হাজার ২শ জেলে জনপ্রতি ২০ কেজি করে চাল পাওয়ার কথা। বরাদ্দকৃত চাল ইতিমধ্যেই অনেক ইউনিয়নের জেলেদের হাতে পৌঁছেছে।

বিক্ষুব্ধ জেলেরা জানায়, পূর্ব ইলিশা ইউনিয়নে শুধু দুই-তিনশ জেলে পুনর্বাসনের চাল পেয়েছে। তবে ২০ কেজি পাওয়ার কথা থাকলেও কেউ পেয়েছে ১২ কেজি, কেউ ১৩ কেজি, কেউবা ১৫ কেজি। ১২-১৫ কেজি করে চাল বিতরণ করছে, বাকি চাল কোথায় যাচ্ছে? অভাবের তাড়নায় সন্তানের মুখে ভাত তুলে দিতে বাধ্য হয়ে নদীতে যাই।

পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান হাসান মিয়ার মুঠোফোনে কয়েকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।