প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে গণ-অবস্থান

দাবি আদায় না হলে আমরণ অনশনের হুমকি শিক্ষকদের

দেশের নন-এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্তি করা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়ে টানা দ্বিতীয় দিনের মতো গণ-অবস্থান করছেন শিক্ষকরা। গত মঙ্গলবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এই গণ-অবস্থান শুরু হয়েছে।

ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, ‘আমরা শুরু থেকেই দাবি জানাচ্ছি স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য। সরকার যখন প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়েছে, তখন বলা হয়েছিল এসব প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী কম। কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন, এসব প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কম কি না।’ তিনি বলেন, ২০১৮ সালের এমপিওভুক্তির নীতিমালায় অনেক অসংগতি রয়েছে। তাই আমরা নীতিমালার স্থগিত চাই।’ পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘যে পর্যন্ত আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা না হবে সে পর্যন্ত আমরা এখানে অবস্থান করে যাব। আজ (বৃহস্পতিবার) আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে পদযাত্রা করব। যদি তাতে সফল না হই তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’