মা ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৩৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে নৌপুলিশের বিভিন্ন দল।
নৌপুলিশের অধীনস্থ ৪২টি থানা এলাকায় গত ৯ দিনের এসব অভিযানে ৭ হাজার ৭০১ কেজি মা ইলিশ, সোয়া ২২ লাখ মিটার জাল ও ১৭টি নৌকা জব্দ করা হয়।
নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা আক্তার রানু গতকাল বুধবার দেশ রূপান্তরকে জানিয়েছে, সরকার ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে। এর প্রেক্ষিতে নৌপুলিশ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯’ পরিচালনা করছে। ৯ থেকে ১৩ অক্টোবর অভিযান চালিয়ে জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
তিনি জানান, এই সময়ের মধ্যে ২২ লাখ ৩০ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল ও অন্যান্য জাল জব্দ করা হয়েছে। জালগুলোর দাম প্রায় সাত কোটি টাকা। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।